দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৭ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭ জনে।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগের পাঁচজন, ময়মনসিংহের একজন এবং বরিশালের একজন রয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মারা যাওয়া ১ হাজার ১৭৭ জনের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে।
এক দিনে উপসর্গ শনাক্ত ১ হাজার ১৯৯ জনের
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। ফলে দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৮৪০ জন।
হাসপাতালে ভর্তি ১ লাখ ৮৫ হাজারের বেশি
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহভাজন রোগী হিসেবে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এসব পরিসংখ্যানে হামের উপসর্গযুক্ত ও পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীর তথ্য আলাদাভাবে তুলে ধরা হয়েছে। ফলে সন্দেহভাজন সংক্রমণ ও নিশ্চিত আক্রান্তের সংখ্যা এক করে দেখার সুযোগ নেই।
আপনার মতামত লিখুন :