ইরানের বাকি অংশও ধ্বংস করতে হতে পারে: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও বিস্তৃত করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ইরানের অবশিষ্ট অংশও ধ্বংস করতে হতে পারে বলে মন্তব্য করেছেন।
তবে এমন পদক্ষেপ নিতে না চাইলেও পরিস্থিতির কারণে তা করতে হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা শিগগিরই জানা যাবে বলেও উল্লেখ করেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

যুদ্ধের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি এখন ভাবছেন, এই লড়াই আরও সামনে এগিয়ে নেওয়া হবে কি না এবং একবারেই এর চূড়ান্ত পরিণতি নিশ্চিত করা হবে কি না। তাঁর ভাষায়, এমনভাবে পরিস্থিতির অবসান ঘটাতে চান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঝামেলা বা বিপদ আর ফিরে না আসে।

ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের সম্ভাবনা তুলে ধরে ট্রাম্প বলেন, সম্ভব হলে দেশটির বাকি অংশ ধ্বংস না করতেই তিনি পছন্দ করবেন। তবে পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত হয়তো তাঁকে সেই সিদ্ধান্ত নিতে হতে পারে। এ বিষয়ে খুব শিগগিরই সবাই জানতে পারবেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধ এখনো শেষ হয়নি। তাঁর মতে, চলমান সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে দেশটির আগের অবস্থায় ফিরে যেতে অন্তত ২৫ বছর সময় লাগতে পারে।

এদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তার পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নিয়েও সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান।

জবাবে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের অংশগ্রহণ বা অনুমতি ছাড়া ইরান এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে প্রস্তাবটির বিস্তারিত বিষয় কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।

ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইরানের অবশিষ্ট স্থাপনা ধ্বংসের সম্ভাবনা এবং সামরিক অভিযান আরও জোরদার করার ইঙ্গিত মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।

সূত্র: আল-জাজিরা।