দেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৪ জন। মৃত চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭৬ জনে।
শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনেরই মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা ১ হাজার ২৭৬।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনে।
অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৫ জন। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯৪ জনে। সন্দেহভাজন ও নিশ্চিত সংক্রমণ মিলিয়ে নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩১৪।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট ২ লাখ ১০ হাজার ৯৮২ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২ হাজার ৩৯৪ জন।
সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা নিশ্চিত সংক্রমণে মৃত্যুর তুলনায় অনেক বেশি। পাশাপাশি প্রতিদিন নতুন করে বিপুলসংখ্যক সন্দেহভাজন ও নিশ্চিত রোগী শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :