একসময় চলচ্চিত্রের পর্দায় দাপুটে উপস্থিতি, অন্যদিকে তৈরি পোশাকশিল্পে শত শত কোটি টাকার ব্যবসা—দুই অঙ্গনেই আলোচনায় ছিলেন চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। তবে সময়ের ব্যবধানে সেই চিত্রে এসেছে বড় পরিবর্তন। অভিনয়ে আগের মতো ব্যস্ততা নেই, অন্যদিকে ব্যবসায়ও নেমে এসেছে বড় ধরনের সংকট। বিপুল অঙ্কের ব্যাংকঋণ, কারখানা বন্ধ এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবার অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে একটি বেসরকারি ব্যাংক।
ব্যাংকটির দাবি, অনন্ত জলিলের প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে তাদের পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা। নির্ধারিত সময়ের মধ্যে এই অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও বর্ষার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠানটির ২৬৭ কোটি ২১ লাখ ৯০০ টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন তিনি।
তবে গত ২ নভেম্বর অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। এ কারণে ব্যাংকটি আইনি নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধের সময় বেঁধে দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাকালে ব্যবসায়িক মন্দার মধ্যেও কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে তাকে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল। পরবর্তী সময়ে সেই ঋণের সুদ যুক্ত হয়ে দেনার পরিমাণ অনেক বেড়ে গেছে।
শুধু ব্যাংকঋণ নয়, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগেও সংকটে পড়েছে তার প্রতিষ্ঠান। এসব কারণে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অনন্ত জলিলের ভাষ্য, ব্যাংকের সহযোগিতা ছাড়া বর্তমান পরিস্থিতি থেকে ব্যবসাকে ঘুরে দাঁড় করানো কঠিন।
এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে ব্যবসা শুরু করেন অনন্ত জলিল। পরে একে একে গড়ে তোলেন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান। ব্যবসার পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন তিনি। ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ওই সিনেমায় তার সহশিল্পী ছিলেন স্ত্রী বর্ষা।
পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড। চলচ্চিত্র ও ব্যবসা—দুই ক্ষেত্রেই আলোচনায় থাকা এই দম্পতির প্রতিষ্ঠান এখন বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জের মুখে।
একদিকে শত শত কোটি টাকার ঋণ, অন্যদিকে কারখানার কার্যক্রম ও শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। এর মধ্যে ব্যাংকের আইনি নোটিশ নতুন করে চাপ তৈরি করেছে অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর। এখন ব্যাংকের সঙ্গে সমঝোতা এবং আর্থিক সংকট কাটিয়ে প্রতিষ্ঠানগুলো সচল রাখার ক্ষেত্রে তিনি কী পদক্ষেপ নেন, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
আপনার মতামত লিখুন :