পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটারদের দক্ষতা উন্নয়ন, আধুনিক কোচিং পদ্ধতি এবং তরুণ প্রতিভা তৈরিতে কাজ করবেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল মূলত লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর মানোন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি বাস্তবায়নে ভূমিকা রাখবেন। পাশাপাশি তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশেও কাজ করবেন তিনি।
বুলবুলের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার ও ক্রিকেট প্রশাসনে অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় লাহোর কালান্দার্স। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির।
এ ছাড়া বাংলাদেশে নিজেদের ক্রিকেট কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে লাহোর কালান্দার্সের। সেই উদ্যোগের অংশ হিসেবেই বুলবুলকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে।
ক্রিকেটার ও সংগঠক—দুই পরিচয়েই দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার (এশিয়া) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন বুলবুল। খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ক্রিকেটে জাতীয় দলের অধিনায়কত্বও করেছিলেন এই সাবেক ক্রিকেটার।
আপনার মতামত লিখুন :