দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদ থেকে মো. শরীফ উদ্দিনকে অপসারণের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে চাকরিতে পুনর্বহাল করেছে কমিশন। বিধি অনুযায়ী তিনি আগের জ্যেষ্ঠতা এবং চাকরির সব বকেয়া বেতন-ভাতা পাবেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চাকরিতে পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করে মো. শরীফ উদ্দিন নিজেই বলেন, দীর্ঘ লড়াইয়ের পর চাকরি ফিরে পেয়েছেন তিনি। এ জন্য হাইকোর্টের রায় এবং বর্তমান কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক পদ থেকে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছিল। এর আগে ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলির আগ পর্যন্ত তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন।
চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ তদন্ত করেন শরীফ উদ্দিন। ওই ঘটনায় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশও করেছিলেন তিনি। দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে সে সময় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন দুদকের এই কর্মকর্তা।
তার চাকরিচ্যুতির ঘটনায় সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। সিদ্ধান্তের প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ।
দীর্ঘ আইনি প্রক্রিয়া ও লড়াইয়ের পর এবার চাকরিতে ফিরছেন শরীফ উদ্দিন। একই সঙ্গে চাকরির ধারাবাহিকতা অনুযায়ী তার জ্যেষ্ঠতা ও বকেয়া আর্থিক সুবিধা পাওয়ার বিষয়টিও প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :