উত্ত্যক্ত করার অভিযোগের জেরে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনা

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেফতার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ১:৩০ অপরাহ্ন

কুষ্টিয়া শহরে এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে বাসার সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ইমনের বয়স ১৭ বছর। সে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটে শহরের থানাপাড়া এলাকায় জাকিয়া সুলতানা (১৬) নামে ওই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পর আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে হামলাকারীকে শনাক্ত করা হয়। এরপর থেকেই তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছিল পুলিশ। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত জাকিয়া কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে তার এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা চলছে। সোমবার পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাসার প্রবেশপথের সামনে হামলার শিকার হয় সে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্কুল থেকে ফিরে বাসার কলবেল চাপার পর গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল জাকিয়া। এ সময় পেছন থেকে ছুরি হাতে দ্রুত এগিয়ে এসে এক কিশোর তার শরীরের বিভিন্ন স্থানে একের পর এক আঘাত করে। আত্মরক্ষার চেষ্টা করে চিৎকার করতে করতে একপর্যায়ে সড়কে লুটিয়ে পড়ে সে। পরে হামলাকারী ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যায়।

জাকিয়ার বাড়ি ফরিদপুর জেলায়। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া অঞ্চলের বিপণন প্রতিনিধি হিসেবে কর্মরত। চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে পরিবারটি কুষ্টিয়া শহরের থানাপাড়ার একটি ভবনের তৃতীয় তলায় বসবাস করছে।

পরিবারের অভিযোগ, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে উত্ত্যক্ত করে আসছিল। আগে একই কোচিং সেন্টারে পড়ার সুবাদে তাদের পরিচয় হয়। এরপর থেকে ইমন তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জাকিয়ার পরিবার ইমনের অভিভাবকদের জানালে কিছুদিনের জন্য উত্ত্যক্ত করা বন্ধ করে সে। তবে সেই ঘটনার ক্ষোভ থেকেই এ হামলা চালানো হয়েছে বলে পরিবারের দাবি।

জাকিয়ার মা অভিযোগ করেন, মেয়েকে বিভিন্নভাবে বিরক্ত করার বিষয়টি অভিযুক্তের অভিভাবকদের জানানো হয়েছিল। এরপর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সোমবার স্কুল থেকে ফিরে বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার মেয়েকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এদিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল জানান, জাকিয়ার শরীরের বিভিন্ন স্থানে অন্তত ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে হাতে দুটি গভীর ক্ষত পাওয়া গেছে। সব ক্ষতস্থানেই সেলাই দেওয়া হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সে আশঙ্কামুক্ত হলেও হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফজল মাহমুদ জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করার পাশাপাশি ঘটনাস্থল থেকে ছুরিও উদ্ধার করা হয়েছে। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।