আ.লীগের কর্মকাণ্ডের প্রচারও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিষয়টি গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমানে যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। তাঁর ভাষ্য, তাদের রাজনীতিই ধ্বংসের রাজনীতি। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। শুধু কার্যক্রম নিষিদ্ধ নয়, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত গেজেটেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

তিনি বলেন, গেজেট অনুযায়ী, বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।”

অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস নতুন কিছু নয়। দলটির জন্মলগ্ন থেকেই তারা আগুন-সন্ত্রাস, গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় গিয়ে এ ধরনের ঘটনা ঘটানো তাদের পক্ষেই সম্ভব।