রাতের অন্ধকারে বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টির ঘটনাকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে শিল্পবান্ধব ও বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের ভেতরে অবস্থান করে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন পেয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও দক্ষতার সঙ্গে তাদের অপচেষ্টা নস্যাৎ করেছে।
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, বিভিন্ন ধরনের উসকানি সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। যাতে শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি কার্যক্রম কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়েও সতর্ক রয়েছে সরকার। শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সংবাদপত্রে পরিস্থিতির অবনতির দাবি করে প্রকাশিত প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে, গত বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। আগের বছরগুলোর সঙ্গে নিরপেক্ষ ও তুলনামূলক বিশ্লেষণ না করে আংশিক তথ্য প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ এলাকায় রাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তারের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশজুড়ে ককটেল নিক্ষেপ কিংবা অরাজকতা সৃষ্টির চেষ্টায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের ভেতরে কিংবা সীমান্তের ওপারে থাকা ষড়যন্ত্রকারীদের বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ রয়েছে। উপযুক্ত সময়ে এসব তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং শিল্প ও বিনিয়োগের পরিবেশ স্বাভাবিক রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও সংসদে জানান তিনি।
আপনার মতামত লিখুন :