কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি আন্তালিয়ায় পৌঁছায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল এবং পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এ ছাড়া সফরসঙ্গী ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। যাত্রাপথে ইস্তাম্বুলে দুই ঘণ্টার যাত্রাবিরতি করেন তিনি। পরে টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে আন্তালিয়ায় পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি অবকাশে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।