রোহিঙ্গা প্রত্যাবাসনেও তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা

প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানিতে সহযোগিতা বাড়াতে একমত তারেক- এরদোয়ান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ১:৪২ অপরাহ্ন

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনের আগে এ বৈঠক হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। এর মধ্যে ছিল প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই নেতা।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।
প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।

এ ছাড়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আরও ঘনিষ্ঠ আলোচনা, যোগাযোগ ও পারস্পরিক অংশীদারত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জ্বালানি ও খনিজ সম্পদে বিনিয়োগের সম্ভাবনা
বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলে জানান তারেক রহমান।

এ খাতে দুই দেশের মধ্যে অংশীদারত্ব গড়ে তোলা এবং বিনিয়োগের নতুন সুযোগ কাজে লাগানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের ওপর গুরুত্ব দেন তিনি।
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন কামনা
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনে তুরস্কের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।