নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের সম্ভাব্য কারণ শর্টসার্কিট: স্বরাষ্ট্রমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৯:৪১ অপরাহ্ন

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, তদন্তের প্রাথমিক প্রতিবেদনে ঘটনাস্থলে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে পেট্রোল বোমা ব্যবহারের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলা এবং ঘটনাস্থলের আলামত পর্যালোচনা করেও পেট্রোল বোমা ব্যবহারের কোনো তথ্য মেলেনি। কোনো প্রত্যক্ষদর্শীও এ ধরনের ঘটনার কথা জানাননি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলের ছবি, বাড়ির দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়া এবং বৈদ্যুতিক সংযোগের তারের অবস্থা দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

তিনি আরও জানান, বাড়িটি পরিত্যক্ত বা কম ব্যবহৃত ছিল। সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় রাখা ছিল, যা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুটি ছাগলও মারা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জিডির ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

ঘটনার পেছনে কেউ নাশকতার চেষ্টা করে থাকলে অধিকতর তদন্তে তা প্রমাণিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সংসদকে আশ্বস্ত করেন সালাহউদ্দিন আহমদ।