ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৭


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬০৯ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরে ৩২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১১৬, ময়মনসিংহে ৫৭, চট্টগ্রামে ২৯৭, খুলনায় ২৬৭, রাজশাহীতে ১২৩, রংপুরে ৩৮, বরিশালে ৩০৮ এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।