:: নিজস্ব প্রতিবেদক ::
দুর্নীতি দমন কমিশন (দুদক) বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার স্ত্রী আফরোজা বেগমের সম্পদের হিসাব তলব করেছে। রোববার দুদকের জনসংযোগ বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৪ সালের দুদক আইনের ২৬(১) ধারা অনুযায়ী এই নোটিশ জারি করা হয়েছে। কমিশনের উপপরিচালক শেখ গোলাম মাওলার সই করা চিঠিতে বলা হয়েছে, দেশে সোবহানের ২৫২ কোটি ২২ লাখ টাকা এবং তার স্ত্রীর ৪৫৩ কোটি ১২ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে।
দুদকের চিঠিতে অভিযোগ করা হয়েছে, এই দম্পতি সেন্ট কিটস ও নেভিসে আড়াই লাখ ডলার খরচ করে নাগরিকত্ব নিয়েছেন। এছাড়া ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ও আইল অফ ম্যানে নিবন্ধিত কোম্পানির মাধ্যমে সুইজারল্যান্ডের লুগানোর ব্যাংকে বিপুল অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই এসব অর্থ স্থানান্তর করা হয়েছে বলে দাবি করা হয়েছে। দুদকের দাবি, তাদের এই সম্পদ অসাধু উপায় অর্জিত এবং আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
দুদকের অভিযোগ, আহমেদ আকবর সোবহান ও তার স্ত্রী নিজেদের নামে এবং কর্মীদের নামে দেশ-বিদেশে ব্যাপক সম্পত্তি গড়ে তুলেছেন। সম্প্রতি বিদেশে তাদের সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। দুদকের এই তদন্তের প্রেক্ষাপটে বসুন্ধরা গ্রুপের শীর্ষ এই দম্পতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দেশের ব্যবসায়িক মহলে তোলপাড় শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :