:: নিজস্ব প্রতিবেদক ::
সেনাবাহিনী সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্যে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, “যারা বিভিন্নভাবে সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তি ছড়ায়, তারা একদিন ভুল বুঝবে। আর যারা এসব করে, তারা সন্তান সমতুল্য।” সেনাপ্রধান কেউ যাতে ভুয়া তথ্য ছড়িয়ে বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে না পারে, সে বিষয়েও সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সেনাপ্রধান। তিনি সকল সদস্যকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। আইন-শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগের সময় ‘সবার সাথে ভালো সম্পর্ক’ বজায় রাখার ওপরও জোর দেন তিনি। এছাড়া, কোনো সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা বা নৈতিক স্খলনের অভিযোগের তদন্ত চলমান রয়েছে উল্লেখ করে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
সেনাসদস্যদের মধ্যে আত্মহত্যা প্রবণতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, পরিবারের প্রতি আরো বেশি যত্নশীল হওয়া এবং মাদক থেকে দূরে থাকার তাগিদ দেন সেনাপ্রধান। তিনি করেন যে দেশের মানুষ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে এবং তারা দেশের ভবিষ্যৎ।তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাহিনীর ‘চেইন অব কমান্ড’ অক্ষুণ্ন রাখতে হবে। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, ঢাকার বাইরের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
আপনার মতামত লিখুন :