বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে চুক্তি ও পাঁচ সমঝোতা স্মারক সই


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ২:৪১ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, চারটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি সংস্কৃতি বিনিময় কর্মসূচি (সিইপি) সই হয়েছে।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দেশের মধ্যে এ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিজ নিজ দেশের পক্ষে দলিলগুলোতে সই করেন।

বৈঠক ও চুক্তি সই

এর আগে দু’দেশের পররাষ্ট্রপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। একান্ত বৈঠক শেষে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ চুক্তি সই করা হয়।

সই হওয়া সমঝোতা স্মারক (এমওইউ)

১. দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন।
২. বাংলাদেশ ও পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা।
৩. দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা—বাসস ও এপিপিসি’র মধ্যে সহযোগিতা।
৪. বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদ (আইএসএসআই)-এর মধ্যে সহযোগিতা।

কর্মসূচি সই

দুই দেশের মধ্যে সংস্কৃতি বিনিময় কর্মসূচি (সিইপি) সই হয়।

সফরের অন্যান্য কর্মসূচি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সফরকালে আজ সকালে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন। দুপুরে তিনি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক এবং সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান বাসায় গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেওয়ার কথা রয়েছে।

গতকাল শনিবার বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। প্রথম দিন তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।