পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর: রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা, রোববার (২৪ আগস্ট): বাংলাদেশের আকাশে আজ (২৪ আগস্ট) ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল (২৫ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এর ভিত্তিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পালন করা হবে।

বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ইসলামিক ফাউন্ডেশন সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় জেলার প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২৯ সফর ১৪৪৭ হিজরি (২৪ আগস্ট ২০২৫) বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়নি।

এছাড়াও, চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপন করা হয় এবং ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক, বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।