পাঁচ ব্যাংক দেউলিয়ার মুখে, গ্রাহকেরা ব্যাংকে হারাচ্ছেন স্বপ্ন


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক ও আর্থিক খাতে অনিয়ম ও লুটপাটের খেসারত এখন দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক—এই পাঁচটি ব্যাংক কার্যত দেউলিয়া, বহু গ্রাহক তাদের জমা অর্থ তুলতে পারছেন না।

রাজধানীর মতিঝিল, হাটখোলা, বনানী ও মিরপুরে প্রতিদিন লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা টাকা তুলতে ব্যর্থ হচ্ছেন। কেউ কয়েক হাজার টাকার বেশি তুলতে পারছেন না, কেউ কেউ একেবারেই হাত খালি ফিরে যাচ্ছেন। গ্লোবাল ইসলামী ব্যাংকের একজন গ্রাহক জানান, “ছেলের স্কুল ফি দিতে এসেছিলাম, কিন্তু টাকা পেলাম না।”

অর্থনীতিবিদরা বলছেন, বছরের পর বছর রাজনৈতিক প্রভাব, খেলাপি ঋণ, কাগুজে ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ঋণ প্রদান এবং দুর্নীতির ফলেই এই পরিস্থিতি। বাংলাদেশ ব্যাংক যদিও জানিয়েছেন, দুর্বল ব্যাংকগুলো ধাপে ধাপে মার্জার ও সংস্কারের আওতায় আনা হবে, তবে সাধারণ গ্রাহকের দুর্ভোগ কমবে না। প্রতিদিন ব্যাংকে যাওয়া মানেই হতাশা, আর জরুরি খরচ পূরণে গ্রাহকরা ধারে-পারে নিঃশ্বাস ফেলছেন।