আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২, মোটরসাইকেল দুর্ঘটনা শীর্ষে


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৫, ৩:১৭ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

আগস্ট মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে সারাদেশে ৪৯৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এছাড়া এক হাজার ২৩২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। নৌপথে ২১টি দুর্ঘটনায় ২৭ জন নিহত, ২২ জন আহত এবং ১৩ জন নিখোঁজ রয়েছেন। সবমিলিয়ে আগস্টে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জন প্রাণ হারিয়েছেন এবং এক হাজার ২৬১ জন আহত হয়েছেন।

মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি: ১৬৫টি দুর্ঘটনায় ১৭৬ জন নিহত ও ১৪৪ জন আহত হয়েছেন। এটি মোট দুর্ঘটনার ৩৩.১৯ শতাংশ, নিহতের ৩৫.০৫ শতাংশ ও আহতের ১১.৬৮ শতাংশ।

এ মাসে সর্বাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে—১৩২টি দুর্ঘটনায় ১২৮ জন নিহত ও ৩৩৩ জন আহত। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে—১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ২২ জন আহত।

মো. মোজাম্মেল হক চৌধুরী, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব, সংবাদ মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছেন।