নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

চট্টগ্রাম বন্দরে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরের শুল্ক ও সেবা খাতে সম্প্রতি ঘোষিত শুল্ক বৃদ্ধি ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এক মাসের জন্য স্থগিত করেছে সরকার। শনিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত কর্মশালায় এ ঘোষণা দেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি জানান, পরিচালন ব্যয় বৃদ্ধি ও বিভিন্ন চলমান প্রকল্প বন্দরের চার্জ বাড়াতে বাধ্য করেছে। তবে সাময়িক স্থগিতাদেশ রপ্তানিকারকদের ওপর চাপ কিছুটা কমাবে। এক মাস পর নতুন শুল্ক কার্যকর হবে।

কর্মশালায় ব্যবসায়ী নেতারা অন্তত ছয় মাসের জন্য শুল্ক স্থগিত রাখা, কিছু চার্জ কমানো এবং সেবা সংকট নিরসনে যৌথ টাস্কফোর্স গঠনের দাবি জানান। পাশাপাশি দ্রুত কনটেইনার খালাস ও কার্গো সরবরাহ নিশ্চিত করতে আইন সংস্কারের প্রস্তাব দেন তারা।

নতুন শুল্ক কাঠামোতে বন্দর ও বেসরকারি কনটেইনার ডিপোর চার্জ গড়ে ৪০–৪৫ শতাংশ বাড়ানো হলেও, সেবার মান উন্নত হয়নি বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মান নিয়ন্ত্রণে ব্যর্থতারও সমালোচনা করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান স্বীকার করেন, বন্দর ধারণক্ষমতার বাইরে পরিচালিত হচ্ছে এবং বৈশ্বিক মানে পৌঁছাতে এখনও পিছিয়ে রয়েছে। দ্রুত কনটেইনার খালাস, কাস্টমস স্বয়ংক্রিয়করণ এবং আইন সংস্কারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, বন্দরে আটকে থাকা সব নিলামযোগ্য কনটেইনার দ্রুত নিলাম করা হবে এবং সাবেক এমপিদের ফেলে রাখা ৩০টি গাড়ি সরকারি পরিবহন পুলে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবন্ধে বলা হয়, লজিস্টিকস পারফরম্যান্স ও কাস্টমস ক্লিয়ারেন্স দক্ষতায় চট্টগ্রাম বন্দর এখনও বিশ্বের শীর্ষ বন্দরের তুলনায় পিছিয়ে আছে।