প্রধান উপদেষ্টা

শ্রম সংস্কার বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৫, ২:৫২ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়ন বাংলাদেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সংস্কার ব্যাপক বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক নৈশভোজে তিনি এ কথা বলেন। শ্রম আইন, শ্রমিক অধিকার ও চলমান সংস্কার প্রচেষ্টা নিয়ে আয়োজিত ওই সংলাপে ইউনূস ছাড়াও তিন দলের ছয়জন রাজনৈতিক নেতা, জাতিসংঘ কর্মকর্তাসহ কূটনীতিকরা অংশ নেন।

আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৈরি পোশাক শিল্পকে অর্থনীতির মূলভিত্তি উল্লেখ করে এ খাতের প্রবৃদ্ধি ও স্থায়িত্বে ভবিষ্যৎ সরকারকেও অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। জামায়াতে ইসলামীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তাদের দলের অভিজ্ঞতা শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে নিতে সহায়ক হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবীর বর্তমান সংস্কার প্রচেষ্টাকে ভবিষ্যতে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।

এনসিপি নেতা ডা. তাসনিম জারা রানা প্লাজা ট্র্যাজেডির অভিজ্ঞতা তুলে ধরে শ্রমিক নিরাপত্তার গুরুত্ব ও ন্যায্য মূল্যের নিশ্চয়তার ওপর জোর দেন।

সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ইউনূস শ্রম সংস্কার বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

📌 সূত্র : বাসস