হজ প্যাকেজ ঘোষণা

কমছে খরচ, এবার সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা রোববার


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন

হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করা হবে আগামী রোববার (২৮ সেপ্টেম্বর)। ওই দিন বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে প্যাকেজ ঘোষণা করবেন।

শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সাধারণ হজ প্যাকেজ-১ এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২ এ খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ প্যাকেজে খরচ কিছুটা কমানো হবে, যাতে অধিক সংখ্যক মানুষ সহজে হজে যেতে পারেন।