ডেঙ্গু পরিস্থিতি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৬:২২ অপরাহ্ন

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও গুরুতর আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জনে। একই সময়ে নতুন করে ৮৪৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বাইরে বরিশাল বিভাগে ১৬৬ জন, চট্টগ্রামে ৯১ জন, খুলনায় ১০১ জন, রাজশাহীতে ৫৪ জন, ময়মনসিংহে ৩৭ জন, রংপুরে ১৭ জন এবং সিলেটে ৬ জন রয়েছেন। ঢাকা মহানগরে উত্তর সিটিতে ৯৭ ও দক্ষিণ সিটিতে ১১২ জন ভর্তি হয়েছেন। মৃত্যুর মধ্যে ঢাকার দক্ষিণে ২ ও উত্তরে ২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত মোট ৪৬ হাজার ৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০২৪ সালে মোট আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজারের বেশি মানুষ এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে, যা ছিল দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বছর।