বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। মহাধুমধামে অনুষ্ঠিত হচ্ছে অঞ্জলি, আরতি ও পূজা–অর্চনা।
সকালে দেবীর দশমী বিহিত পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দর্পণ বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী এ শারদোৎসবের, যা শুরু হয়েছিল গত রোববার।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ জানিয়েছেন, রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৯টা ৫৭ মিনিটে দশমীর পূজা শুরু হয়। দর্পণ বিসর্জনের পর দুপুর ১২টায় শুরু হবে ঐতিহ্যবাহী স্বেচ্ছা রক্তদান কর্মসূচি। প্রতিবছরই বিজয়া দশমীতে এ আয়োজন করা হয়ে থাকে।
বিকেল ৩টা থেকে শুরু হয় বিজয়ার শোভাযাত্রা। এর আগে মহানগরীর বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে আসা হবে ঢাকেশ্বরী মন্দিরে। সন্ধ্যায় ওয়াইজঘাটে বুড়িগঙ্গার বিসর্জন ঘাটে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে সমাপ্তি হবে দুর্গোৎসবের।
এবার দেবীর আগমন হয়েছিল গজে, আর বিদায় হচ্ছে দোলায়।
আপনার মতামত লিখুন :