আহমদ রফিককে শেষ শ্রদ্ধা

ভাষাসংগ্রামী আহমদ রফিকের কফিনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

ভাষাসংগ্রামী ও মুক্তচিন্তার পথিকৃৎ আহমদ রফিককে শেষ শ্রদ্ধা জানাল সর্বস্তরের মানুষ। শনিবার বেলা ১১টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সেখানে সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে শোক র‌্যালির মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয় ইব্রাহিম মেডিকেল কলেজে, যেখানে তিনি মরণোত্তর দেহ দান করে গেছেন।

বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আগে দীর্ঘদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন আহমদ রফিক। ফজলুল হক হল, ঢাকা হল ও মিটফোর্ডের ছাত্রদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আন্দোলনের সংগঠনে রাখেন ভূমিকা। নিয়মিত অংশ নেন মিছিল ও সমাবেশে। ১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনে একমাত্র তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

পরবর্তীতে এমবিবিএস ডিগ্রি অর্জন করলেও চিকিৎসক হিসেবে পেশায় যাননি তিনি। তার সংগ্রামী জীবনের মতোই মৃত্যুর পর দেহদান সমাজ ও আগামী প্রজন্মের জন্য রেখে গেল অনন্য দৃষ্টান্ত।