জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান

বিচারের মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তদন্ত শুরু করতে যাচ্ছে। গতকাল রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক হত্যাকা- ও নির্যাতনের অভিযোগ এসেছে। রাজনৈতিক দল এনডিএমের করা অভিযোগের ভিত্তিতেই এ তদন্ত শুরু হচ্ছে।

চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার সম্ভাবনা যাচাই-বাছাই করা হচ্ছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু হবে।

এদিকে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। অন্য আসামিরা হলেন সদর উদ্দিন খান, আজগর আলী ও আতাউর রহমান আতা।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার অনুরোধ করা হয়েছে এবং আজ (সোমবার) এ বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, হানিফের বিরুদ্ধে ষড়যন্ত্র, আন্দোলনকারীদের হত্যায় ভূমিকা ও কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট কুষ্টিয়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দুপুর দেড়টা থেকে বিকেল ৪টার মধ্যে আন্দোলনকারী ছয়জনকে গুলি করে হত্যা করা হয়।