বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

দেশের সব বিমানবন্দরে সাইবার হামলার সতর্কতা জারি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৫, ৭:২০ অপরাহ্ন

লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলার ঘটনার পর বাংলাদেশে দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত চিঠিতে ১০টি বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল বা লিংক এড়িয়ে চলা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) ব্যবহার করা।

চিঠিতে আরও বলা হয়েছে, কোনো সাইবার নিরাপত্তা–সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে জানাতে হবে।

বেবিচক সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বলা হয়, লন্ডনের কিছু বিমানবন্দরে হামলার কারণে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হয়েছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও আগাম সতর্কতা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি বেবিচকের ওয়েবসাইটও সাইবার হামলার শিকার হয়েছিল। তাই জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির পরামর্শে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে নিয়োগের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।