২৩ ঘণ্টা পর মেট্রোরেল চলা শুরু

উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

একদিনের বিরতির পর রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে পুরোদমে ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অতিরিক্ত প্রকল্প পরিচালক রেজাউর রহমান আকন্দ।

তিনি জানান, রোববার দুর্ঘটনার পর আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত অংশে ট্রেন চলাচল বন্ধ ছিল। সকালে ওই অংশে ট্রায়াল রান সম্পন্ন করার পর সকাল ১১টা থেকে সম্পূর্ণ রুটে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়।

রোববার দুপুরে ঢাকার খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনার পরই মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

পরবর্তীতে বিকেলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এবং সন্ধ্যায় শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত আংশিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। অবশেষে সোমবার সকাল থেকে পুরো রুটে নিয়মিত সেবা চালু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।