প্রাথমিক শিক্ষক

৮ নভেম্বর থেকে লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী ৮ নভেম্বর সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে এই কর্মসূচি।

এই আন্দোলনের নেতৃত্ব দেবেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ, দশম গ্রেড বাস্তবায়ন কমিটির মু. মাহবুবুর রহমান এবং সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা।

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, “কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও দাবি বাস্তবায়ন হয়নি। তাই শিক্ষকরা বাধ্য হয়েই আবারও আন্দোলনে নামছেন।” খায়রুন নাহার লিপি বলেন, “যারা মনে করছেন মন্ত্রণালয়ের আশায় বসে থাকলে দাবি আদায় হবে, তারা ভুল করছেন। আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামছি।”

তিনি আরও বলেন, “পুলিশের সাব-ইন্সপেক্টর, নার্স, কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিবসহ অনেকে দশম গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও প্রাথমিকের সহকারী শিক্ষকরা এখনো ১১তম গ্রেডে রয়েছেন। এটি এক ধরনের বৈষম্য।”

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ জানান, “গত ১৭ অক্টোবরের আমরণ অনশন কর্মসূচি স্থগিত হলেও এবার সম্মিলিতভাবে লাগাতার কর্মসূচি চালানো হবে।” তিনি অভিযোগ করেন, “অর্থ মন্ত্রণালয় প্রস্তাবনা বাস্তবায়ন না করে পে-কমিশনে পাঠিয়েছে, কিন্তু পে-কমিশন জানিয়েছে এটি তাদের এখতিয়ারভুক্ত নয়। তাই এখন শিক্ষকরা তিন দফা দাবিতে রাজপথে নামতে বাধ্য হয়েছেন।