দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী রবিবার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি (পাঠদান বন্ধ) পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। একইসঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে, এতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন।
তিনি জানান, বহু শিক্ষক হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেটে আহত হয়েছেন। একজন শিক্ষককে কপালের পাশে আঘাত নিয়ে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে ‘কলম বিসর্জন’ কর্মসূচি পালন করেন শিক্ষকরা এবং সেখান থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। শিক্ষক নেতারা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১. সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীতকরণ
২. চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূরীকরণ
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা
আপনার মতামত লিখুন :