এবার ডিএমপির ৫০ থানার ওসি বদলি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার আইনশৃঙ্খলা ব্যবস্থায় বড় ধরনের রদবদল করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে রাজধানীর ৫০ থানার ওসিকে পরিবর্তন করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, এই বদলি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের মতো সারাদেশের ৫২৭ থানায় লটারির মাধ্যমে নতুন ওসি পদায়নের সিদ্ধান্ত নেয় পুলিশ সদর দপ্তর। নির্বাচনকালীন নিরপেক্ষতা নিশ্চিত করতে ইউনিট প্রধানদের প্রস্তাবিত সৎ ও অভিজ্ঞ পরিদর্শকদের তালিকা থেকে এই লটারি করা হয়।

পুলিশ সদরদপ্তরের তথ্য বলছে, ঢাকা রেঞ্জে ৯৮, চট্টগ্রামে ১১১, খুলনায় ৬৪, ময়মনসিংহে ৩৬, বরিশালে ৪৬, সিলেটে ৩৯, রাজশাহীতে ৭১ এবং রংপুর রেঞ্জে ৬২ থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। জেলার বাইরে মেট্রোপলিটন এলাকার ১১০ থানায় লটারি হয়নি; এগুলোর পদায়ন সংশ্লিষ্ট কমিশনাররাই করবেন।

তারও আগে, ২৬ নভেম্বর লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদের বদলির প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের আগে নিরাপত্তা কাঠামোয় এই ধারাবাহিক পরিবর্তনকে প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।