আবু সাঈদ হত্যা মামলা: ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিতে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি মামলার ২২তম সাক্ষী।

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তার জবানবন্দি নিচ্ছে।

মামলায় এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার হয়ে আছেন—এএসআই আমির হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

মামলাটিতে গত কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তাসহ একাধিক সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। তারা ঘটনাদিনের পরিস্থিতি, গুলিবর্ষণের নির্দেশ, আহত অবস্থায় সাঈদকে হাসপাতালে নেওয়া ও পরবর্তীকালের পুলিশি পদক্ষেপ নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন।

২২ জুলাই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের পর পলাতক ২৪ আসামির পক্ষে শুনানি চলছে; মোট ৩০ জনকে আসামি করা হয়েছে এ মামলায়। ৩০ জুন অভিযোগ আমলে নেওয়ার পর আগস্টে আনুষ্ঠানিক শুনানি শুরু হয়। মোট সাক্ষীর সংখ্যা ৬২।

জুলাই আন্দোলনে ‘প্রথম শহীদ’ হিসেবে পরিচিত আবু সাঈদের হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালের বিচার এখন গতি পাচ্ছে।