জনপ্রশাসন মন্ত্রণালয় দেশের মাঠ প্রশাসনে বড়ধরনের রদবদল করে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে। সোমবার রাতে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগ কার্যকর হওয়ার কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা নিজ নিজ জেলায় কাজের পাশাপাশি ‘ফৌজদারি কার্যবিধি ১৮৯৮’-এর ১০(২) ধারায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও প্রয়োগ করবেন।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, কর্মকর্তারা আগামী ১১ ডিসেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে সেদিন বিকেল থেকেই তাদের বর্তমান দায়িত্বস্থান থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে। বদলির আগে কারও দপ্তর পরিবর্তিত হয়ে থাকলে নতুন কর্মস্থলের ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।
এ পদায়নকে প্রশাসনিক ধারাবাহিকতা ও মাঠপর্যায়ের কার্যকারিতা নিশ্চিত করার একটি চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :