অন্তর্বর্তী সরকারের দুর্নীতি অনুসন্ধানের ধারাবাহিকতায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ ১৬ জনের বিরুদ্ধে বৃহৎ ঋণ কেলেঙ্কারির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ—ন্যাশনাল ব্যাংক থেকে নেওয়া ৬০০ কোটি টাকার ফান্ডেড ঋণ পরিশোধ না করে তা যোগসাজশের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।
মঙ্গলবার দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের মধ্যে সোবহানের দুই ছেলে সাদাত সোবহান ও সাফিয়াত সোবহান ছাড়াও ন্যাশনাল ব্যাংকের প্রভাবশালী পরিচালক ও শীর্ষ ব্যবস্থাপনা কর্মকর্তারা রয়েছেন।
দুদক জানায়, মোট ১,৩৫০ কোটি টাকার ফান্ডেড ও নন-ফান্ডেড ঋণ অনুমোদনের ক্ষেত্রে নিয়ম ভঙ্গ, ভুয়া আর্থিক বিবরণী দাখিল, অপর্যাপ্ত জামানত এবং ঋণগ্রহীতার সক্ষমতা যাচাই–সবই ছিল গুরুতর অনিয়মের অংশ। পরে এই অর্থ বিভিন্ন হিসাব ও প্রতিষ্ঠানে স্থানান্তর করে গোপনে সমন্বয় করা হয়।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করে। বসুন্ধরা পরিবারের বিরুদ্ধে এরই মধ্যে রাজস্ব ফাঁকি, অর্থ পাচার ও ভূমি দখল সম্পর্কিত অভিযোগে অনুসন্ধান চলছে। পরিবারের ব্যাংক হিসাব জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও জারি করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
এই মামলাটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক অস্বচ্ছতা ও ব্যাংক খাতের দীর্ঘদিনের তদারকি দুর্বলতার দিকে নতুন করে দৃষ্টি ফেরাল।
আপনার মতামত লিখুন :