সুদানে ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টাকে ফোনে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রোববার সন্ধ্যায় (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় প্রায় সাতটার দিকে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে সমবেদনা জানান। ফোনালাপে গুতেরেস বলেন, এই হামলার খবরে তিনি “বিপর্যস্ত” এবং শোকাহত।

জাতিসংঘ মহাসচিব শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান এবং বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এ সময় অধ্যাপক ইউনূস আহত শান্তিরক্ষীদের দ্রুত চিকিৎসা ও নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

গুতেরেস জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা স্থানীয় হাসপাতালে দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশি শান্তিরক্ষীদের চিকিৎসা ও নিরাপদ ব্যবস্থাপনায় জাতিসংঘের তৎপরতার জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

ফোনালাপে দুই নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করেন। অধ্যাপক ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। গুতেরেস বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।