ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবের অগ্রসেনানী শহীদ শরীফ ওসমান হাদি।
শনিবার বিকেলে দাফনের আগে তাকে শেষবারের মতো বিদায় জানান স্বজন, সহযোদ্ধা ও অনুরাগীরা। শোক ও কান্নায় ভারী হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয়। জানাজার আগে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয় বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসকরা।
গত বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে মাথায় গুরুতর আহত হন তিনি। ঢাকা ও সিঙ্গাপুরে একাধিক ধাপে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে রক্ষা করা যায়নি।
ওসমান হাদির মৃত্যু দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে। তার দাফনের মধ্য দিয়ে এক অধ্যায়ের অবসান হলেও, সমর্থকদের ভাষায়—তার আদর্শ ও সংগ্রাম থেকে যাবে স্মৃতিতে ও আন্দোলনে।
আপনার মতামত লিখুন :