হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টেফান দুজারিক এ তথ্য জানান। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব পক্ষকে সহিংসতা পরিহার ও সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মহাসচিব।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কও। জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে হাদির মৃত্যুর ঘটনা গভীর উদ্বেগজনক। প্রতিশোধ ও প্রতিহিংসা পরিস্থিতিকে আরও বিভাজিত করবে এবং নাগরিক অধিকারকে ক্ষতিগ্রস্ত করবে বলে সতর্ক করেন তিনি।