নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ঘটনাটি কিছু গণমাধ্যমে অতিরঞ্জিতভাবে উপস্থাপিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জয়সওয়াল জানান, শনিবার ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে ২০–২৫ জন তরুণ হাইকমিশনের সামনে জড়ো হয়ে স্লোগান দেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তোলেন। তবে তারা কখনোই হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেননি কিংবা কোনো ধরনের নিরাপত্তা সংকট তৈরি হয়নি।
তিনি বলেন, ঘটনাস্থলে থাকা পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ বিষয়ে দৃশ্যমান প্রমাণও রয়েছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
এদিকে জয়সওয়াল বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :