বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের আন্দোলনের সাহসী প্রজন্মের সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এবং তিনি শহীদ হয়েছেন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। তার ভাষায়, ওসমান হাদি চেয়েছিলেন দেশের মানুষ তাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনের শহীদদের পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ এবং বিগত স্বৈরাচারী শাসনে গুম-খুনের শিকারদের রক্তের ঋণ শোধ করতে হলে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তারেক রহমান বলেন, বর্তমানে বিভিন্ন আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, যা মোকাবিলায় ধৈর্য ও সংযম জরুরি। তিনি বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব তাদেরই নিতে হবে। শক্ত গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভিত্তির ওপর দেশ গড়ে তোলার দায়িত্ব এখন তরুণদের হাতে তুলে নেওয়ার সময় এসেছে।
আপনার মতামত লিখুন :