বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনার পর সেখানে জমে থাকা ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন জানান, সমাবেশ শেষ হওয়ার পরপরই দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সেই নির্দেশনা অনুযায়ী সকালে বিশেষ অভিযানে নামে সিটি কর্পোরেশন।
এই পরিচ্ছন্নতা কার্যক্রমে ৩৫০ জন কর্মী অংশ নেন। ২০টি ট্রাকের মাধ্যমে ১৪৮ ট্রিপে সংগ্রহ করা বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে ফেলা হয়। দুপুরের মধ্যেই পুরো এলাকা জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করে তোলা হয়।
ডিএনসিসি জানায়, সকাল থেকে বিএনপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী স্বেচ্ছায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কাজে অংশ নেন। প্রশাসক মোহাম্মদ এজাজ শীতের মধ্যে কাজ করা পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বড় জনসমাগমের পর সম্মিলিত উদ্যোগই শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পারে।
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই জনসমাবেশে বিপুল মানুষের উপস্থিতি ছিল, যার ফলে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় ডিএনসিসি।


আপনার মতামত লিখুন :