জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন

জামায়াতে ইসলামীসহ একটি বহুদলীয় জোটের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা আসন ভাগাভাগির সম্ভাবনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতা। শনিবার তারা দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে এক চিঠিতে এ বিষয়ে গভীর উদ্বেগ জানান।

দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন চিঠির বিষয়টি নিশ্চিত করেন। চিঠিতে নেতারা এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ-অভ্যুত্থানের দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে জামায়াতের রাজনৈতিক অবস্থানের মৌলিক বিরোধের কথা তুলে ধরেন।

নেতাদের অভিযোগ, গত এক বছরে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠনের বিভাজনমূলক কর্মকাণ্ড, গুপ্তচরবৃত্তি, অপপ্রচার এবং ধর্মকে কেন্দ্র করে সামাজিক মেরুকরণের ঝুঁকি দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, জামায়াতের সঙ্গে কোনো জোট এনসিপির নৈতিক অবস্থান ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করবে এবং দীর্ঘমেয়াদে দলের সমর্থনভিত্তিতে নেতিবাচক প্রভাব ফেলবে। নেতারা স্মরণ করিয়ে দেন, দলীয় নেতৃত্ব ইতিমধ্যে ৩০০ আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে এবং বিপুল সংখ্যক মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

নেতাদের মতে, অল্প কয়েকটি আসনের জন্য জোটে যাওয়ার সিদ্ধান্ত দলীয় সমর্থকদের সঙ্গে প্রতারণার শামিল হতে পারে। চিঠিতে তারা স্পষ্টভাবে জামায়াতের সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার নীতিগত অবস্থান নেওয়ার আহ্বান জানান।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মো. মুরসালীনসহ কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা।