ওসমান হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির তদন্তে উঠে এসেছে, মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, তদন্তে অভিযুক্তদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় পলাতক আসামি ফয়সালসহ মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

ডিবির তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে করে আসা দুই যুবক ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

ডিবি জানিয়েছে, মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।