রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সন্দেহভাজন রেস্তোরাঁ কর্মী মো. মিলন মল্লিককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকারের পাশাপাশি লিলিকে প্রেমের প্রস্তাব দেওয়ার বিষয়টিও স্বীকার করেছেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) ভোরে বাগেরহাট সদর থানার বড় সিংগা এলাকা থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, নিহত লিলির সঙ্গে মিলনের পূর্বপরিচয় ও সুসম্পর্ক ছিল। সেই সুযোগে বিভিন্ন সময় সে আকার-ইঙ্গিতে প্রেমের প্রস্তাব দিত এবং পরিবার গ্রামের বাড়িতে গেলে লিলিকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিল।
র্যাবের তথ্যমতে, গত শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বাসায় একা পেয়ে মিলন লিলিকে সঙ্গে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। এতে রাজি না হয়ে লিলি তা প্রত্যাখ্যান করলে ক্ষুব্ধ হয়ে ওঠে মিলন। অভিযোগ রয়েছে, প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় এবং অপমানিত বোধ করেই সে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়।
এর আগে শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে লিলির মরদেহ উদ্ধার করে পুলিশ। খিলগাঁও থানার পুলিশ জানায়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত লিলি বনশ্রীর একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য উদ্ঘাটনে গ্রেপ্তার মিলনকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
আপনার মতামত লিখুন :