সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ইউনূস–তারেক রহমানের বৈঠক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

এর আগে বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার পরিবেশে মতবিনিময় হয় বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

জোট নেতারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিজেদের ভূমিকার কথা তুলে ধরে বিএনপির সঙ্গে অতীতের আন্দোলন ও নির্বাচনকালীন ঐক্যের প্রসঙ্গ উল্লেখ করেন। তারা আসন্ন নির্বাচনে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে সরকার গঠিত হলে জোট শরিকদের যথাযথ মূল্যায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

জবাবে তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচনেও ধানের শীষের বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি সরকার গঠন করলে যোগ্যতা ও অবদানের ভিত্তিতে জোট শরিকদের মূল্যায়ন করা হবে।

রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই প্রেক্ষাপটে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারম্যানের বৈঠককে আসন্ন নির্বাচন ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।