ঢাকাসহ তিন জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৬, ৫:০০ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ৩৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে ঢাকা সেক্টরের অধীন পাঁচ ব্যাটালিয়নের সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করবেন।

বুধবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে।

নিরাপত্তা জোরদারে রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে এবং কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচনী দায়িত্ব পালনে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইসসহ আধুনিক সরঞ্জাম ব্যবহারের কথা জানিয়ে বিজিবি কর্মকর্তা বলেন, প্রয়োজনে প্রিজাইডিং অফিসারের অনুরোধে বা সহিংসতার আশঙ্কা দেখা দিলে বিজিবি ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যবস্থা নিতে পারবে।

বিজিবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হবে।