নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালাবদ্ধ কার্যালয় ও অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের চিত্র দেখেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ২৪ মিনিটে অফিসে পৌঁছে তিনি কাউকেই দায়িত্বে পাননি।
সরকারি সময় সকাল ৯টা থেকে অফিস খোলার নিয়ম থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও কার্যালয় বন্ধ থাকায় প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। প্রায় আধা ঘণ্টা ধরে তিনি অফিসের বারান্দায় বসে সেবাগ্রহীতাদের অভিযোগ শোনেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে কর্মকর্তাদের অনুপস্থিতি গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের অবহেলার বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বাইরে অপেক্ষমাণ সেবাগ্রহীতাদের ভোগান্তিকে তিনি দুঃখজনক বলেও মন্তব্য করেন।
এক সেবাগ্রহীতা জানান, অনলাইনে মিউটেশন আবেদনের অগ্রগতি জানতে তিনি সকাল সাড়ে ৮টায় অফিসে এসেছিলেন, কিন্তু নির্ধারিত সময়েও অফিস না খোলায় তিনি সমস্যায় পড়েন।
ব্যারিস্টার কায়সার কামাল জানান, ভূমি মন্ত্রণালয় দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং জনগণের ন্যায্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে, যাতে ভূমি অফিসগুলোতে অনিয়ম ও অবহেলা কমে আসে।
পরিদর্শন শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নাগরিকদের হয়রানিমুক্ত ও সময়মতো সেবা নিশ্চিত করতেই মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :