দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা অমূলক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, আগামী ৯ তারিখ আরও দুটি তেলবাহী জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে, যা সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল করতে সহায়তা করবে।
জ্বালানি বাজারে অস্থিরতা বা অতিরিক্ত মজুতের প্রবণতা ঠেকাতে রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান তিনি। তাঁর মতে, সাম্প্রতিক পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে ছড়ানো নানা তথ্যের কারণে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি হয়েছে।
মন্ত্রী বলেন, সরকার বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিচ্ছে, যাতে সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি না পড়ে। তিনি জনগণকে অপ্রয়োজনীয়ভাবে তেল মজুত না করার আহ্বান জানান এবং পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন।
আপনার মতামত লিখুন :