ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
রাজধানীতে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশ ও অবস্থানের অভিযোগে ফয়সাল করিম মাসুদ—যিনি রাহুল নামেও পরিচিত—এবং আলমগীর হোসেন নামে আরও এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তাদের বিরুদ্ধে বাংলাদেশে সংঘটিত একটি হত্যাকাণ্ডসহ গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এসটিএফের এক বিবৃতিতে বলা হয়, দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় আত্মগোপন করেছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশসহ সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে ফেরার পথে শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়। পল্টন থানাধীন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :