ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, দেশটির নতুন সর্বোচ্চ নেতৃত্বের অধীনে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সোমবার প্রকাশিত এক বার্তায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করে দাবি করেছে, সেটি ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে। ছবির গায়ে ফারসি ভাষায় একটি বার্তা লেখা রয়েছে, যেখানে নতুন নেতৃত্বের প্রতি সমর্থনের ইঙ্গিত দেওয়া হয়েছে।
ইরানি গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, এই হামলা দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযানের অংশ। তবে ঘটনাটির বিস্তারিত বা হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে ইরানি সূত্র দাবি করে। এরপর দেশটির নেতৃত্ব ও সামরিক কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষের পক্ষ থেকে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের খবর সামনে আসছে। স্বাধীনভাবে এসব ঘটনার অনেক তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা কঠিন বলে পর্যবেক্ষকদের মন্তব্য।
আপনার মতামত লিখুন :