ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, নিম্নআয়ের পরিবারকে মাসে ২,৫০০ টাকা সহায়তা
বাংলার মুখ প্রতিবেদক
প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
নিম্নআয়ের মানুষের জন্য ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে, কড়াইল বস্তি-সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচি চালু করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নিম্নআয়ের মানুষের সামাজিক সুরক্ষা জোরদার করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। তিনি জানান, ডিজিটাল পদ্ধতিতে সরাসরি অর্থ প্রদান নিশ্চিত করা হলে মধ্যস্বত্বভোগীর সুযোগ কমে যাবে এবং প্রকৃত উপকারভোগীরাই সহায়তা পাবেন।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত জেলা ও সিটি করপোরেশন এলাকার দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই অর্থ উপকারভোগীরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি গ্রহণ করতে পারবেন।
কর্মসূচির উদ্বোধনের সঙ্গে সঙ্গে তালিকাভুক্ত ৩৭ হাজার ৫৬৭ জন নারীর ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে প্রথম কিস্তির অর্থ জমা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে ১৩টি জেলার বিভিন্ন সিটি করপোরেশন এলাকা এবং কয়েকটি ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের সমন্বয়ে জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে পৃথক কমিটিও গঠন করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, শুরুতে ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। পরে যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারকে কর্মসূচির উপযুক্ত হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, এই প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
আপনার মতামত লিখুন :